রাজধানীতে ট্রেনে মিলল বিপুল অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৬ অক্টোবর) বেলা প্রায় ১১টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম “অপারেশন বনলতা” নামে অভিযানে নামে। ডগ স্কোয়াডসহ পরিচালিত এ অভিযানে ট্রেনের একটি ট্রলি ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেছেন এবং তারা এখনো উদ্ধারকৃত অস্ত্রের বিস্তারিত পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য দেননি।

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যাগটিতে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বনলতা এক্সপ্রেস ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button