তারেক রহমান দেশে ফিরছেন কয়েক সপ্তাহের মধ্যেই: ডা. জাহিদ হোসেন
বঙ্গবার্তা প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বহু আগেই তিনি দেশে ফিরবেন এবং সরাসরি দলকে নেতৃত্ব দেবেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, “তারেক রহমান আর দীর্ঘদিন প্রবাসে থাকবেন না। জাতির এই সংকটময় সময়ে তিনি দেশের মাটিতে পা রাখবেন, জনগণের পক্ষে বলিষ্ঠ নেতৃত্ব দিবেন। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরছেন।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। আওয়ামী লীগ আবার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ এবার সে সুযোগ দেবে না।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে সবাইকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। চোখ-কান খোলা রেখে ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
২০০৭ সালে এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারনে বর্তমানে তিনিই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। লন্ডন থেকেই তিনি দলের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত দিয়ে আসছেন।
দীর্ঘদিন প্রবাসে থাকায় তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন চললেও এবারই প্রথম দলের শীর্ষ পর্যায় থেকে এভাবে স্পষ্ট করে তার দেশে ফেরার ঘোষণা দেওয়া হলো।



