চুয়াডাঙ্গার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম টোটন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক এমপি সেলুন জোয়ার্দ্দারের ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রিয়াজুল ইসলাম টোটনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, টোটনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও উসকানির অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজুল ইসলাম টোটন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র হিসেবে এলাকায় পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



