স্লোগানে মুখর শাহবাগ, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবরোধ

বঙ্গবার্তা প্রতিবেদক: ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে এসে বিক্ষোভে অংশ নেন। এতে শাহবাগ মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলবে। তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।

তাদের তিন দফা দাবি হলো—
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি,
২. ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা,
৩. কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। গতকাল তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিও পালন করেন।

শিক্ষকরা বলেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার “অপর্যাপ্ত ও অবাস্তব”। পাশাপাশি তারা সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন।

এর আগে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যান। কেউ চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে খোলা আকাশের নিচে রাত কাটান।

এদিকে, পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদানও বন্ধ রেখেছেন।

দেশজুড়ে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে পোস্ট দিচ্ছেন।

শিক্ষকরা বলেছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button