বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলটির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না এবং কোনো নির্দিষ্ট এজেন্ডাও নির্ধারিত ছিল না। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন যে, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হতে পারে। তার বক্তব্যের কয়েক দিনের মধ্যেই সেই ইঙ্গিত বাস্তবে রূপ নিল।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্ব আরও সুসংহত হবে এবং রাজনৈতিক কর্মসূচি ও আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দল নতুন গতি পাবে।



