ভূমিকম্পে চার জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে চার জেলায় অন্তত ৭ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭; উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, কম্পনের তীব্রতা ছিল ৫.৫।

ঢাকায় ৩ জনের মৃত্যু
পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হন। নিহতরা হলেন—
রাফিউল ইসলাম, শিক্ষার্থী, সলিমুল্লাহ মেডিকেল কলেজ
হাজি আব্দুর রহিম (৪৭)
মেহরাব হোসেন রিমন (১২)
ঘটনার সময় তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু
রূপগঞ্জের ভুলতা এলাকায় সড়কের পাশের একটি দেয়াল ধসে নবজাতক ফাতেমা নিহত হয়। এ ঘটনায় তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। স্থানীয়রা আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
গাজীপুরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু
কালীগঞ্জের নাগরী ইউনিয়নে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন সুজিৎ দাস (৩৮)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও শাদেরগাঁও জামে মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে যায় এবং আশপাশের বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়। নতুন নির্মিত চারতলা স্কুল ভবনেও একাধিক ফাটল শনাক্ত হয়েছে।
নরসিংদীতে দেয়াল ধসে ২ জনের মৃত্যু
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। জেলার ছয়টি উপজেলায় প্রায় শতাধিক মানুষ আহত হন। সদর উপজেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ওমর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়।
পলাশের চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে দেয়াল ধসে মারা যান ৭৫ বছরের কাজম আলী।
পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, বিভিন্ন স্থানে আহতের খবর পাওয়া গেছে এবং দুর্যোগ মোকাবিলায় পুলিশ সাধারণ মানুষের পাশে। হঠাৎ আঘাত হানা এই ভূমিকম্পে চার জেলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।



