হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরের অবস্থা দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যার উদ্দেশ্যেই নুরের ওপর হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যারাই তাকে আঘাত করুক না কেন, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে। এটা খুব পরিষ্কার।”
মির্জা ফখরুল জানান, নুরের অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও এখনও ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “তার শরীরের যেসব স্থানে আঘাত লেগেছে, সেগুলো অত্যন্ত মারাত্মক। তার মস্তিষ্কে ইনজুরি ও রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, এখানে কোনো চিকিৎসাগত ত্রুটি হয়নি। তবে নুর এখনও স্বাভাবিকভাবে খেতে পারছে না, তাকে পাইপের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে। তার সুস্থ হতে সময় লাগবে, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো দরকার।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “অভ্যুত্থানের পরও যদি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তাহলে সাধারণ মানুষ কী অবস্থায় আছে, তা ভেবে দেখুন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, সেটি দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে নুরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো প্রয়োজন।”



