হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকছে না।
এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা স্থগিতের আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে। আবেদন শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের রায় স্থগিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, আদালতের এই আদেশের ফলে নির্ধারিত সময় অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকছে না।



