প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন আপিলের বিষয়টি পর্যালোচনা করে হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্তের পর প্রতিক্রিয়ায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে একটি আপিল দায়ের করা হয়েছিল। তবে মনোনয়নপত্র দাখিলের সময়, অর্থাৎ গত ২৯ ডিসেম্বর জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে তিনি ঋণখেলাপি ছিলেন না।
তিনি আরও বলেন, ৮ জানুয়ারি সকালে বাংলাদেশ ব্যাংকের একটি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে হঠাৎ করে ঋণখেলাপি দেখানোর চেষ্টা করা হয় এবং ওই দিনই নতুন একটি সিআইবি প্রতিবেদন তৈরি করা হয়। পরে সেই প্রতিবেদনের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে আপিল দায়ের করা হয়। বিষয়টি ষড়যন্ত্র কিনা, তা দেশবাসীর বিবেচনার ওপর ছেড়ে দেন তিনি।
হুম্মাম কাদের চৌধুরী জানান, তাঁর বিরুদ্ধে দেওয়া সিআইবি প্রতিবেদনের ওপর আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। গত ৩ নভেম্বর দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা হলেও তাঁর বিরুদ্ধে আপিল হলে প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
আপিলে অভিযোগ করা হয়েছিল, তিনি ঋণ গ্রহণ করে তা পরিশোধ করেননি এবং হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন। তবে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে না নিয়ে তাঁর প্রার্থিতা বহাল রাখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button