রিজভীর হুঁশিয়ারি: “ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেব না”

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেব না।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রিজভী।

রিজভী বলেন, “আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা এমন ব্যবস্থা করেছে, যাতে সরকারদলীয় নেতারা বিদেশে অন্তত ২০ প্রজন্ম নিরাপদে বসবাস করতে পারে। অথচ এসব পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন, “যারা ক্ষমতা রক্ষার জন্য মানুষ হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি শিশুকেও ছাড়েনি—তাদের বিচার একদিন হবেই। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস নেই। যারা তাদের সহযোগিতা করেছে, তারা যেন নতুন কোনো খোলসে আত্মপ্রকাশ করতে না পারে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে।”

আওয়ামী লীগের ‘দমননীতি’র সমালোচনা করে রিজভী বলেন, “আনাফ, ওয়াসিম আকরাম, আবু সাঈদ ও মুগ্ধদের গুলি করে হত্যা করেছে তারা। এই রক্তপাত গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক চরম আত্মত্যাগ, যা বৃথা যেতে দেওয়া হবে না।”

বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের প্রতীক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তাকে ভয়াবহ নিপীড়নের মধ্যেও দমন করা যায়নি। গণতন্ত্রের প্রশ্নে তিনি আজও আপসহীন নেতৃত্ব দিচ্ছেন।”

রিজভী নিউইয়র্কে সাম্প্রতিক কিছু ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “বিদেশের মাটিতেও আওয়ামী দোসররা অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরকারের আন্তঃবর্তী ব্যবস্থা যদি কার্যকর হতো, তাহলে এ ধরনের অপকর্মের সাহস পেত না কেউ।”

দুর্নীতি দমন কমিশনকে ‘অথর্ব’ সংস্থা উল্লেখ করে তিনি বলেন, “দুদক আজও কোনো ফ্যাসিস্ট দোসরকে শাস্তি দিতে পারেনি। আদালতের নির্দেশে যে অর্থ ফেরত আনার কথা, তারও কোনো হদিস নেই।”

বর্তমান সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “এখন তো হাসিনা নেই, পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেট বাহিনীও নেই – তাহলে অপহরণ দ্বিগুণ হচ্ছে কেন? আইনশৃঙ্খলার এই অবনতির দায় সরকার এড়াতে পারে না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ষড়যন্ত্র এখনও চলছে। দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে, যেন জনগণ আবার ধানের শীষে ভোট দিতে পারে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরদের যেন আর সুযোগ না দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।”

এ সময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button