শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্মরণে চট্টগ্রামে দোয়া-মোনাজাতে ভক্তদের ঢল

আলমগীর হুসাইন: চট্টগ্রামের সিংহপুরুষ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার ভোর থেকেই রাউজানের গহিরা কবরস্থানে ভিড় জমান তার ভক্তবৃন্দ, অনুসারী এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার রুহের মাগফেরাত কামনায় তারা কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সকালে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা তার কবরস্থানের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন। পরে পরিবার, স্থানীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মিলনে পুরো এলাকা এক শোকাবহ এবং শ্রদ্ধায় নত পরিবেশে পরিণত হয়।
দিনের দ্বিতীয় পর্বে বিকাল তিনটায় রাঙুনিয়ার কাদের নগরে মরহুমের নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। মাহফিলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণমানুষ এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা বলেন, চট্টগ্রাম ও দেশের উন্নয়নে সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান কখনো ভুলে যাওয়ার নয়। তার সাহসিকতা, মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চিরদিন মানুষ স্মরণ করবে। উপস্থিত অনেকে তার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীর প্রতি আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন – তিনি যেন তার পিতার আদর্শে থেকে এলাকার গণমানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
শহীদ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনায় পুরো দিনব্যাপী এই আয়োজনে ছিল ব্যাপক জনসম্পৃক্ততা ও আবেগঘন পরিবেশ।



