নির্বাচনে অন্যায় বরদাস্ত নয়: নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে দিয়েছে, নির্বাচনে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “ভুল হতে পারে, কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ বিষয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের জন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের প্রস্তাবিত সংশোধনীগুলো বিবেচনা করে সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আস্থার সংকট জাতীয় সংকটে পরিণত হয়েছে উল্লেখ করে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কমিশনের প্রথম কাজ আস্থা পুনরুদ্ধার করা। সাংবাদিকদের নীতিমালা নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বিশ্লেষণ করলে ভুলের ঝুঁকি কমবে, একটি ভালো নির্বাচন সম্ভব হবে।”
সচিব আখতার আহমদ সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতের আশ্বাস দেন। আরএফইডি সভাপতি কাজী জেবেল প্রস্তাবিত নীতিমালা ইসির হাতে তুলে দেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই ইসি সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা প্রকাশ করে। এতে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার, গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধসহ প্রিজাইডিং অফিসারকে জানিয়ে সর্বোচ্চ ১০ মিনিট ভোটকক্ষে থাকার মতো বিধান রাখা হয়। তবে আরএফইডি নেতারা এই বিধিনিষেধের বিরোধিতা করে সাংবাদিকদের প্রবেশ ও কাজের স্বাধীনতা বাড়ানোর দাবি জানান।



