কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাতের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পরপরই ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট যোগ দিলে মোট ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, এখন পর্যন্ত আগুন লাগার উৎস কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।
গুলশান ও বনানীর সন্নিকটে প্রায় ৯০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা কড়াইল বস্তিতে প্রায় ১০ হাজার ঘর রয়েছে। ঘনবসতি ও দাহ্য সামগ্রীর কারণে এখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মাঝরাতে আগুনে বেশ কয়েকটি ঘর ভস্মীভূত হয়। গত বছরের ২৪ মার্চ এবং ১৮ ডিসেম্বরও বড় ধরনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল বস্তিটি।
সর্বশেষ এই অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



