কখন ও কোথায় ভোট দেবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে চারজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।
সমর্থন জানানো চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন-ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। এছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও ধানের শীষের প্রার্থী তারেক রহমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, চার প্রার্থীর মধ্যে দু’জন সরাসরি এসে সমর্থনের কথা জানিয়েছেন, আর বাকি দু’জন ঢাকার বাইরে থাকায় টেলিফোনে যোগাযোগ করে তাদের অবস্থান জানিয়েছেন।
বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতেই তিনি তারেক রহমানকে সমর্থন দিয়েছেন। তার মতে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এগোনো জরুরি।
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে তিনি তারেক রহমানকে সমর্থন করছেন। যারা তাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এই সমর্থন ও প্রত্যাহারের ফলে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় তারেক রহমানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে ।



