ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে নির্বাচনের সব প্রস্তুতি ১৫ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম। ৬৪ জেলার জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের তালিকা তৈরি করা হয়েছে। স্বজন বা শ্বশুরবাড়ির এলাকায় কোনো কর্মকর্তাকে পদায়ন করা হবে না। পাশাপাশি গত তিন নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার বা পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবারে রাখা হচ্ছে না।
তিনি আরও জানান, নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া তথ্য বা অপপ্রচার চালানো হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এসব ঠেকাতে বিশেষ নজরদারি ও তথ্য যাচাই কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।
প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, “নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাইরে থেকে অনেক অপশক্তি সক্রিয় হতে পারে। বড় শক্তি নিয়ে তারা মাঠে নামবে, হঠাৎ আক্রমণের ঘটনাও ঘটতে পারে। তবে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের এগিয়ে যেতে হবে এবং একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”



