গণভোটে ‘হ্যাঁ’ ও ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা জাতির নৈতিক দায়িত্ব। এ কারণে ভোর থেকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য ও অংশগ্রহণ দেখা গেছে, তা ধরে রাখতে হবে। নিশিরাত কিংবা ডামি নির্বাচনের দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেকেই রংপুরকে গরিব অঞ্চল হিসেবে চিহ্নিত করলেও প্রকৃতপক্ষে এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় এলে রংপুরকে নতুনভাবে সাজানো হবে। কৃষিজাত পণ্যের ভিত্তিতে শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষক ও নারীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের জন্য বিনামূল্যে বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button