খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নানা জটিলতায় ভুগতে থাকা প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী তিন দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশ-বিদেশ থেকে দোয়া ও শুভকামনা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি জানান, চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি কয়েকটি বন্ধুপ্রতিম রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা সহায়তার প্রস্তাব এসেছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, “এমন সংকটকালে যেকোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা আমারও আছে। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবতার ওপর নির্ভরশীল।” তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে দ্রুতই অবস্থার উন্নতি ঘটবে।

শুক্রবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাইরে এসে তিনি সাংবাদিকদের জানান, “তার অবস্থা স্থিতিশীল নয়। দূরত্ব বজায় রেখে আমরা সালাম দিয়েছিলাম, তিনি চিনতে পেরেছেন এবং উত্তরও দিয়েছেন।”

এরপর হাসপাতালে পৌঁছান হুম্মাম কাদের চৌধুরী। তিনি জানান, “আমাদের মায়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আল্লাহর কাছে সুস্থতার জন্য প্রার্থনা করছি, সবাই দোয়া করবেন।”

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসার পরিবেশ স্বাভাবিক রাখতে বিএনপি নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছে দলটি।

খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতে শনিবার এনসিপির একটি প্রতিনিধি দলও হাসপাতালে যান। দলে ছিলেন তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button