সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে: শামসুজ্জামান দুদু

বঙ্গবার্তা প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এতে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান। পরে তিনি আলমডাঙ্গার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
দুদু অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তিনি বলেন, “তারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বিএনপিকে জয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো ছাড়া বিকল্প নেই।
এসময় সাবেক ছাত্রনেতা মনজুরুল জাহিদ, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চুয়াডাঙ্গা। সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



