প্রতিবছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বঙ্গবার্তা প্রতিবেদক: ঢাকা: ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজন ও নিয়োগ সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “বিসিএস পরীক্ষা হলো সরকারের জন্য প্রধান এন্ট্রি পয়েন্ট। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই এই পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম থাকলে গোটা প্রশাসন ব্যবস্থায় এর প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “সমস্যা ও সংকট যেগুলো রয়েছে, তা দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে। ভবিষ্যতের সরকারি নেতৃত্বকে সঠিকভাবে বাছাই করতে হলে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা জরুরি।”

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতিমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ চূড়ান্ত করেছে। ওই পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে বিসিএস পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পিএসসির সদস্যরা জানান, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। নতুন সংস্কার কার্যক্রমের মাধ্যমে কমিশনকে এমন একটি আস্থার জায়গায় রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না। পাশাপাশি প্রশ্নপত্রের মান এমনভাবে উন্নত করা হচ্ছে, যাতে এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে চাকরিপ্রত্যাশীরা বৈশ্বিক প্রতিযোগিতাতেও অংশ নিতে পারেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক এম সোহেল রহমান, অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক শাহনাজ সরকার এবং পিএসসি সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button