অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক মডেলে’ পরিচালনার আহ্বান বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে এখনই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ধাঁচে পরিচালনা করতে হবে।”

তিনি আরও বলেন, “কেয়ারটেকার সরকারের মূল ভূমিকা ছিল প্রশাসনকে নিরপেক্ষ রাখা। তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, বর্তমান প্রশাসনকে পুনর্গঠন করে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে সচিবালয় ও জেলা প্রশাসনে যারা পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ছিলেন, তাদের পরিবর্তে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।”

মির্জা ফখরুল জানান, বৈঠকে পুলিশ ও বিচার বিভাগেও নিরপেক্ষতা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে বিএনপি। “নিয়োগ ও পদোন্নতিতে কোনও দলীয় প্রভাব যেন না থাকে সেই ব্যবস্থা নিতে হবে। একইভাবে হাইকোর্ট ও আপিল বিভাগেও যেসব বিচারক নির্দিষ্ট পক্ষের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত, তাদের অপসারণ করে নিরপেক্ষ বিচারকদের নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছি,” বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের গঠনে কোনও নির্দিষ্ট উপদেষ্টার বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ‘না’ সূচক উত্তর দেন।

বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের অন্য দুই সদস্য ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ। বৈঠকটি শুরু হয় সন্ধ্যা ৬টায় এবং শেষ হয় প্রায় এক ঘণ্টা পর।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা রক্ষা করে সবার অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টি করবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button