শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

বঙ্গবার্তা প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা নেই। তাই দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব করতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে ইসির তালিকায় ১১৫টি প্রতীক রয়েছে। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে এই তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হয়। সে কারণে এনসিপি চাইলে অন্য প্রতীক নিতে পারবে।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো পর্যালোচনায় রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম অনেকটা এগিয়েছে। এনসিপি প্রতীক চাইলে আবেদন করেছে, কিন্তু তালিকায় শাপলা না থাকায় তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে দল ও কমিশনের আলোচনার ভিত্তিতে।
এছাড়া, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।
এর আগে কমিশন নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করেছে। আগে তালিকায় ছিল ৬৯টি প্রতীক। নতুন প্রতীক যুক্ত হওয়ার পর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৫। আইন মন্ত্রণালয় তালিকা পর্যালোচনা করলেও কোনো পরিবর্তনের সুপারিশ করেনি।
ইসির তালিকাভুক্ত ১১৫টি প্রতীক
আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত-কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ি, হারিকেন, হক্কা, হেলিকপ্টার।



