গোপনে জামিনে মুক্ত দিলীপ আগারওয়াল, আদালত অঙ্গনে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: জুলাই হত্যাসহ একাধিক মামলার আসামি ও বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালা গোপনে জামিনে মুক্তি পেয়েছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত এই ব্যবসায়ীর আকস্মিক কারামুক্তি ঘিরে আদালত অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়।

সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর গুলশান থানার একটি হত্যা মামলায় জামিন পান দিলীপ আগারওয়ালা। মাত্র তিন দিনের মাথায় ৩০ সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান। অজ্ঞাত কারণে এ সময় কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বা ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। এমনকি কারা কর্তৃপক্ষ ও পুলিশের বিশেষ শাখাও নীরব ছিল বলে অভিযোগ উঠেছে।

আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এমন দ্রুত মুক্তি সম্ভব নয়। বর্তমানে যেকোনো বন্দি মুক্তির আগে একাধিক সংস্থার অনুমোদন প্রয়োজন। সেখানে দিলীপ একজন হাইপ্রোফাইল আসামি হওয়ায় তার মুক্তি নিয়ে সন্দেহের অবকাশ থাকছে না।

সূত্র মতে, মুক্তির পরপরই দিলীপ আগারওয়ালা গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ বলছেন, তিনি সীমান্ত পেরিয়ে বিদেশে চলে গেছেন।

দিলীপ আগারওয়ালা আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির নেতা ছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সরকার পরিবর্তনের পর তিনি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করেন, তবে ৪ সেপ্টেম্বর গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ডজনখানেক মামলা বিচারাধীন রয়েছে।

একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তার ভূমিকা ছিল। ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের সম্পর্ক দীর্ঘদিনের, এমনকি দুজনের বাড়ি একই জেলায়।

গ্রেফতারের পর বছরখানেক দিলীপ কারাবন্দি ছিলেন, তবে বেশির ভাগ সময় তিনি হাসপাতালের ভিআইপি কেবিনে অবস্থান করেছেন। সেখানে তিনি পরিবারের সঙ্গে নিয়মিত দেখা করতেন এবং মোবাইল ফোন ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি দিলীপ ও তার স্ত্রী সবিতা আগারওয়ালার বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। একই সঙ্গে তার প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড-এর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান চলছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “জামিন দেওয়া আদালতের এখতিয়ার। দিলীপ কুমার আগারওয়ালা কিছু মামলায় জামিনে ছিলেন। তবে তার চূড়ান্ত মুক্তির বিষয়টি আমার জানা নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button