খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল: হুমাম কাদের চৌধুরী

আলমগীর হুসাইন: চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন তার দীর্ঘদিনের ছিল। কিন্তু সে সুযোগ আর হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণাতেই তিনি আজও রাজনীতিতে সক্রিয় আছেন। তিনি বলেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে খালেদা জিয়া বিদেশে না গিয়ে দেশের মানুষের পাশে থেকেছেন, এ কারণেই সাধারণ মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার মানুষ অতীতেও ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও জনগণ তাদের সমর্থন পুনর্ব্যক্ত করবে বলে তিনি আশাবাদী। এজন্য নেতাকর্মীদের ভোটারদের কাছে পৌঁছে গিয়ে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
নিজের জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হুমাম কাদের চৌধুরী বলেন, তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন এবং সাত মাস ‘আয়নাঘরে’ আটক ছিলেন। নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাঙ্গুনিয়ায় রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ রয়েছে, তা স্বচ্ছতার মাধ্যমে দূর করা হবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসা বন্ধে প্রশাসন ও জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ফয়জুল কাদের চৌধুরী, মাতা ফারহাত কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী সাহেবের সহধর্মিনী দানিয়া খন্দকার এবং হুম্মাম কাদের চৌধুরীর সহধর্মিনী সামানজার খান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



