সার ডিলার নিয়োগ ও বিতরণে নতুন নীতিমালা কার্যকর ১৬ নভেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক: ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫’ অনুমোদনের পর কৃষিবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার (১৬ নভেম্বর) থেকে এটি কার্যকর হচ্ছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে কঠোর যোগ্যতা, একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং সাব-ডিলার প্রথা বাতিলসহ বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন ধরে পরিবহন ঠিকাদার ও ডিলারের একটি শক্তিশালী চক্র সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করত। এতে কৃষকদের বেশি দামে সার কিনতে হতো। নতুন নীতিমালার লক্ষ্য ওই একচেটিয়া প্রভাব ও সিন্ডিকেটভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙা।

নীতিমালায় প্রথমবারের মতো বিসিআইসি ও বিএডিসির পৃথক ডিলার কাঠামো একীভূত করা হয়েছে। এখন থেকে সব উৎসের সার সরকারি, আধাসরকারি বা বেসরকারি একই নীতিমালার আওতায় বিতরণ হবে। ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দও একক ব্যবস্থাপনায় দেওয়া হবে।

ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ডিলার ইউনিট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র থাকবে, যেখানে ভর্তুকি ও বিক্রয়মূল্যসহ সব তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। সার উত্তোলন, বিক্রয় ও হিসাব ডিজিটালভাবে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও সার বিক্রি বা সরবরাহ করা যাবে না।

সরকারি চাকরিজীবী, জনপ্রতিনিধি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্য ডিলার হতে পারবেন না। ডিলারশিপ জামানত দুই লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, নবায়ন ফি রাখা হয়েছে এক হাজার টাকা।

ডিলারদের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে নবায়ন বা বাতিলের ব্যবস্থা থাকবে। অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিল করা হয়েছে। শহরে জমির পরিমাণ অনুযায়ী ডিলারের সংখ্যা নির্ধারণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

যেসব ইউনিটে ডিলার নেই, সেখানে উপজেলা ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে ইউনিটভিত্তিক দায়িত্ব বণ্টনের নির্দেশনা রয়েছে। খালি ইউনিটের তালিকা জেলা পর্যায়ে প্রকাশের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিও দিতে হবে।

নতুন নীতিমালার আওতায় সব ডিলার সরকারিভাবে নিবন্ধিত ও তালিকাভুক্ত হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button