হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সিলেট সফরের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নামবেন।
শনিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বার্তা সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সিলেট পৌঁছে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও পরে শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। পথে বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
এই সফরের অংশ হিসেবে তারেক রহমান মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেবেন। পরে তিনি শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।
নির্বাচনী প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন,
‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’
তবে প্রচারণার বিস্তারিত কর্মসূচি সম্পর্কে তিনি আর কোনো মন্তব্য করেননি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।
বিএনপি সূত্র জানায়, দলটি ঐতিহ্যগতভাবেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়। ওইদিনই তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button