অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য ধন্যবাদ জানান।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি জাতির কাছে অঙ্গীকার করেছি— এমন একটি নির্বাচন উপহার দেব, যা হবে অনন্য। প্রচুর ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক আস্থা অর্জনের দৃষ্টান্ত হবে এই নির্বাচন। পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসবমুখর পরিবেশও তৈরি হবে।”

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button