ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। শনিবার (১৮ অক্টোবর) বরিশালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।”
সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ও বিকেলে সার্কিট হাউসে দুই দফায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, ছয় জেলার জেলা প্রশাসক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “যেহেতু আওয়ামী লীগের সব কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে যদি নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া শেষ হয়, তখন বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”
এনসিপির শাপলা প্রতীক পাওয়ার দাবির বিষয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশনের তালিকায় প্রতীকটি না থাকায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না এবং সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে।



