রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সম্মেলনের আড়াই মাস পর অবশেষে রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি করা হয়েছে সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুন কে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের সাবেক আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন কে।
শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা
আংশিক কমিটিতে নজরুল হুদা সিনিয়র সহসভাপতি হয়েছেন। সহসভাপতি পদে আছেন আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন এবং জয়নাল আবেদিন শিবলী।
এছাড়া বজলুল হুদা মন্টু হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম মিলু সাংগঠনিক সম্পাদক, এবং এরশাদ আলী ঈশা ও মাইনুল আহসান পান্নাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরবর্তীতে রাজশাহী মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর দুই মাস ২২ দিন পর শনিবার এই আংশিক কমিটি ঘোষণা করা হলো, যা নগর বিএনপির কার্যক্রমে নতুন গতি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



