হাদির জানাজা ঘিরে সরকারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ আগামী শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানাজার সময় ও স্থান নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য কিছু নিরাপত্তামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানাজায় অংশ নিতে আসা সবাইকে কোনো ধরনের ভারী ব্যাগ বা সন্দেহজনক বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে সংরক্ষণের জন্য নেওয়া হয়।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, জানাজা শেষে শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।



