নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে মুস্তাফিজুর রহমান দিপুর পথসভা ও প্রচারণা

আলমগীর হুসাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু)-এর পক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পথসভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ সংলগ্ন কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পথসভা ও প্রচারাভিযানের আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত বক্তারা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

পথসভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শফিক, সৈয়দ হারুনুর রশিদ, ইকবাল হোসেন, ব্যারিস্টার মাহমুদুর হক আলিফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রচারাভিযান চলাকালে সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উল্লাস ও উৎসাহ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
নেতারা জানান, নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্বাচনী প্রচারণা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত রোড শো, সভা ও ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে অব্যাহত থাকবে।



