শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, বিমান চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ৩০টি ইউনিট কাজ করছে, এছাড়া আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এদিকে আগুনের তীব্রতা বাড়তে থাকায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ অবস্থায় রয়েছে। ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, দিল্লি থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট নেমেছে কলকাতায়। এছাড়া শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।
হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট আকাশে চক্কর দিচ্ছে, আগুন নিয়ন্ত্রণের অগ্রগতি দেখে এর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে নেমেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় ফিরে গেছে চট্টগ্রামেই।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, বেলা আড়াইটার পর কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।



