প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই ঘোষণা দেবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত ধাপে রয়েছে। খুব শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রবাসে বিএনপি নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধনের উপলক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৈশল চলছে। তবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না। কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝে চলতে না পারলে অগণতান্ত্রিক শক্তি সোচ্চার হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি জনপ্রিয় ও জনসমর্থিত দল। তাই প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, যা দলের জন্য গৌরবের বিষয়। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। এজন্য প্রয়োজন দলীয় ঐক্য ও সংযম।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “মনে রাখবেন, আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে। তাই পারস্পরিক রেষারেষি বা বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত নয় যাতে প্রতিপক্ষ সেটির সুযোগ নিতে পারে।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির। চতুর্থ শিল্পবিপ্লবের পর এখন ডিজিটাল দক্ষতা অর্জন ছাড়া কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি, তবে দ্রুত প্রযুক্তি রপ্ত করে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।”

অনুষ্ঠানে বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button