খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা ও গুলির হামলা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: খুলনায় এক ইউনিয়ন বিএনপি নেতার কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম ইমদাদুল হক। এ ঘটনায় আহত হয়েছেন বিএনপি নেতা মামুন।
রোববার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর কুয়েট রোড এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, রাতের দিকে বিএনপি নেতা মামুন তার অফিসে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এবং এলোপাথাড়ি গুলি চালায়।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মামুন ও তার ভগ্নিপতি ইমদাদুল হককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুইজন গুরুতর আহত ও একজন নিহত হয়েছেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।



