নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, সম্ভাব্য শপথ ১৭ বা ১৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য আগাম প্রস্তুতি হিসেবে ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী এর আগেও শপথ গ্রহণের আয়োজন করা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানেই যে ৫০ জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হবে তা নয়। সাধারণত সম্ভাব্য প্রয়োজনের কথা বিবেচনা করে মন্ত্রিসভার সদস্যসংখ্যার তুলনায় কিছু বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। আবার অনেক সময় কেউ কেউ সরকারি গাড়ি গ্রহণ না করায় অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়।
গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানান, নির্বাচনের পর দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, সংসদ সদস্যরা শপথ নেওয়ার তিন দিনের মধ্যেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাকা হতে পারে। তার ধারণা অনুযায়ী, ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই প্রধানমন্ত্রীর শপথ সম্পন্ন হতে পারে এবং পুরো প্রক্রিয়া ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাওয়ার সম্ভাবনা কম।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন-পরবর্তী দ্রুত সরকার গঠন ও শপথ আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।



