রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : ইসি সচিব

আলমগীর হুসাইনঃ রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে তিনি জানান, ভোটের ৬০ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশনের রোডম্যাপও প্রকাশ করা হয়।

আখতার আহমেদ জানান, নির্বাচনকে ঘিরে ইসি মোট ২৪টি প্রস্তুতিমূলক পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

এছাড়া তিনি জানান, নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ভোটগ্রহণের ৩০ দিন আগে প্রতি বুথে সম্ভাব্য ভোটারের সংখ্যা (পুরুষ ৬০০, নারী ৫০০) প্রকাশ করা হবে।

সীমানা পুনর্নির্ধারণ ও অন্যান্য প্রস্তুতি

ইসি সচিব আরও জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১৫ সেপ্টেম্বরের মধ্যেই।

রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন সামনে রেখে ইসি যেসব কাজ সম্পন্ন করবে তার মধ্যে রয়েছে:

  • আইন সংস্কার
  • সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ
  • নতুন রাজনৈতিক দল নিবন্ধন
  • নির্বাচনী পর্যবেক্ষক নিবন্ধন
  • ভোটার তালিকা হালনাগাদ
  • নির্বাচনী উপকরণ ক্রয়
  • প্রবাসীদের ভোটাধিকার সংযোজন
  • ব্যালট-ফরম ও খাম মুদ্রণ
  • ভোটকেন্দ্র চূড়ান্তকরণ
  • ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ

তবে রোডম্যাপে নির্বাচন কবে হবে বা তফসিলের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে ইসি সূত্র।

উল্লেখ্য, এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এক বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব রোডম্যাপটি অনুমোদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button