খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’
ব্রিফিংয়ে বিএনপি নেতা আজম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ আরও অবনতি হয়েছে। তিনি বর্তমানে ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি লড়াই করছেন আমাদের মাঝে ফিরতে, কিন্তু এখনো কোনো উন্নতি নেই। পুরো জাতির দোয়া ছাড়া বলার মতো কিছু নেই।”
আজম খান জানান, খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তিনি বলেন,
“সিসিইউ, আইসিইউ পেরিয়ে এখন ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যা বলা যায়, সেই অবস্থাতেই আছেন তিনি। পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়।”
খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা যৌথভাবে পরামর্শ দিচ্ছেন জানিয়ে তিনি আরও যোগ করেন, “সবাই নিরলস চেষ্টা করছেন। বাকিটা আল্লাহর হাতে।”
গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন। লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়।
এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন পর্যায়ে গেছে যে, তাঁকে বিদেশে নেওয়ার মতো অবস্থাও নেই।



