সিলেটে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার রাতে তিনি সিলেটে পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে মাজারে উপস্থিত হন এবং সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেটের মাজার কবরস্থানে শায়িত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর কবর জিয়ারত করেন। এরপর রাত পৌনে ১০টার দিকে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, দীর্ঘ প্রায় ২০ বছর পর তারেক রহমান সিলেটে সফরে এসেছেন। এখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। আগামীকাল বৃহস্পতিবার সিলেটে একটি জনসভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবার নির্বাচনের আগে সিলেটে মাজার জিয়ারত এবং এখান থেকেই প্রথম জনসভা করার ঐতিহ্য অনুসরণ করতেন।
এ সফরে তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারতের সময় সিলেটের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, এম এ মালিক ও এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ আরো অনেকে।



