ডাকসু নির্বাচন: ভোটাররা কীভাবে ভোট দেবেন
বঙ্গবার্তা প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্থাপিত আটটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে ব্যালটের আকার ও প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। ডাকসুর জন্য পাঁচ পৃষ্ঠার এবং হল সংসদের জন্য এক পৃষ্ঠার ব্যালটে ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। সব মিলিয়ে একজন ভোটারকে মোট ৪১টি ভোট প্রদান করতে হবে।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য লড়ছেন ১,০৩৫ জন।
ভোটারদের জন্য নির্দেশনা:
১. ভোট কেন্দ্র ও পরিচয় নিশ্চিতকরণ:
ভোটার নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে পোলিং কর্মকর্তার সামনে পরিচয়পত্র দেখাবেন।
প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ ব্যবহার করতে পারবেন।
অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি বা লাইব্রেরি কার্ড দেখাবেন।
ভোটদানের ধাপ:
পরিচয় নিশ্চিত হওয়ার পর আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে।
ভোটার নিজ নামের পাশে স্বাক্ষর করবেন এবং নিজের ভোটার নম্বর জানাবেন।
ব্যালট সংগ্রহ করে গোপন কক্ষে প্রবেশ করবেন (মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ)।
পছন্দের প্রার্থীর নাম খুঁজে নিয়ে পাশে থাকা ঘরে ক্রস চিহ্ন দিতে হবে।
ব্যালট পেপার ভাঁজ না করে নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে।
ডাকসু ও হল সংসদের জন্য থাকবে দুটি পৃথক ব্যালট বাক্স।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল ব্যালট:
প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সাতটি হল থেকে প্রাপ্ত ৩০ জন ব্রেইল-পাঠযোগ্য শিক্ষার্থী এই সুবিধা পাবেন।
ব্রেইল ব্যালট হবে একটি পাতলা বুকলেটের মতো, ডাকসুর ব্যালট হবে ৩০ পাতার, যাতে থাকবে পদের সূচিপত্র। হল সংসদের ব্যালট হবে ৩-৪ পাতার।
ব্রেইল ব্যালট ব্যবস্থাপনায় থাকবেন রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।
যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন না, তারা পোলিং কর্মকর্তার সহায়তায় অন্যদের মতোই ভোট দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন অনুষদে সভার মাধ্যমে নতুন ভোটারদের সচেতন করা হয়েছে। পাশাপাশি ভোটদানের নিয়মাবলি নিয়ে ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে।



