বিপুল ভোটে ভূমিধস বিজয়ী হুম্মাম কাদের চৌধুরী

আলমগীর হুসাইন: চট্টগ্রাম–৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তার বিজয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
নির্বাচন ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬২ হাজারেরও বেশি।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম–৭ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৯ হাজার ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৫৩১ জন, নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৪৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।
জয়ের পর হুম্মাম কাদের চৌধুরী বলেন, “এই বিজয় জনগণের বিজয়। চট্টগ্রাম–৭ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে, বিএনপি নেতাকর্মীরা এই ফলাফলকে দলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। তারা জানান, এই বিজয়ের মাধ্যমে চট্টগ্রাম–৭ আসনে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নতুন পথচলা শুরু হলো।



