ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “নির্বাচনের বিকল্প কিছু নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ যদি অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটি জাতির জন্য বিপজ্জনক হবে।”

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন। বৈঠকে রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়া ও জুলাই সনদ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার জুলাই সনদ চূড়ান্তের অগ্রগতি তুলে ধরেন।

প্রেস সচিব জানান, বৈঠকগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যাশা ও উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে তাঁকে বিদেশেও পাঠানো হতে পারে বলে সরকার জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button