সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, বিক্ষোভে উত্তাল জীবননগর

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেনা অভিযানে আটক হওয়ার পর শামসুজ্জামান ডাবলু (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
সোমবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামসুজ্জামান ডাবলু উপজেলা শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের একটি দল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালায়। এ সময় ডাবলু তার ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’তে গেলে সেনা সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে পাশের একটি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১২টার দিকে তিনি সেনা হেফাজতেই অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয় বলে জানানো হয়।
ঘটনার পরপরই রাতেই হাসপাতালে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। তারা এ ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে জীবননগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহতের পরিবার ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেনা সদস্যদের নির্যাতনের কারণেই ডাবলুর মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানান।
অন্যদিকে সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শামসুজ্জামান ডাবলুকে তার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।



