রাজধানীর ভাষানটেকে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান

আলমগীর হুসাইন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভাষানটেক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক বিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে ভাষানটেকের বিআরবি মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত পরিবেশন করেন মুফতি মাওলানা আবুল কালাম আজাদ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে তিনি সভামঞ্চে উপস্থিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তারেক রহমান মঞ্চে আসার পরপরই জনসভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দেবো কীসে, ধানের শীষে’, ‘লাগারে লাগা, ধান লাগা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রাতে এই জনসভা মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।
ভাষানটেক থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করছেন থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ।
এদিকে জনসভাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভাষানটেকের বিআরবি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নেতা-কর্মীদের অনেককে হলুদ রঙের টুপি, ধানের শীষ প্রতীকসংবলিত একরঙা গেঞ্জি, দলের চেয়ারম্যানের ছবি আঁকা পোশাক, ব্যানার ও ফেস্টুন হাতে জনসভায় অংশ নিতে দেখা যায়। পুরো এলাকা স্লোগান আর উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে।
এর আগে সাত জেলায় ধারাবাহিক সমাবেশ শেষে শুক্রবার ভোরে রাজধানীতে ফিরে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button