পাবনা-১ ও ২ আসনে ভোটের বাধা নেই, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এই দুই আসনে ভোটগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্রে পাবনা-২ আসন হিসেবে গণ্য করা হবে।
এ আদেশের মাধ্যমে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করা হয়।
আদালতে শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এর আগে বুধবার পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি পাবনা-১ ও ২ আসনের জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনে যথাসময়ে নির্বাচন আয়োজন এবং নির্বাচনী কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়।
পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আবেদন দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আগের আদেশের কারণে নির্বাচন কমিশন পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত থাকবে বলে জানায়।
এরও আগে, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ২৪ ডিসেম্বর জারি করা পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত গেজেট স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল রাখা হয়েছিল।
সর্বশেষ আপিল বিভাগের আদেশে এখন পাবনা-১ ও ২ আসনে নির্বাচন আয়োজনের সব আইনি জটিলতার অবসান হলো।



