বাবা হয়েছেন গায়ক জেমস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসের ঘরে এসেছে নতুন অতিথি। চলতি বছরের জুন মাসে তিনি ও তাঁর স্ত্রী নামিয়া আমিনের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে প্রথম দেখা হয় জেমসের। সেই পরিচয় থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক, যা এক বছর পর পরিণতি পায় বিয়েতে। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে।

এর এক বছর পর, ২০২৫ সালের ৮ জুন ভোর সাড়ে ৩টায় নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাঁদের সন্তান জিবরান। জন্মের সময় জেমস ও পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে পরিবার নিয়ে দেশে ফেরেন তাঁরা।
পিতা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেমস বলেন,
“এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”
এর আগে জেমসের দুটি বিয়ে হয়েছিল। ১৯৯১ সালে তিনি প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়; এই সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। পরে, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে বেনজীর সাজ্জাদের সঙ্গে বিয়ে করেন তিনি, তবে ২০১৪ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। দ্বিতীয় সংসারে তাঁর একটি কন্যাসন্তান আছে।
বর্তমানে জেমস ও নামিয়া তাঁদের নবজাতককে নিয়ে পারিবারিক সময় উপভোগ করছেন।



