বগুড়া-৬ আসনে রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে রাতে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নাসিরুল ইসলাম। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাতে খবর পাওয়া যায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ওই কেন্দ্রে অনধিকার প্রবেশ করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাসিরুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন, তিনি পোলিং এজেন্টের নামের তালিকা জমা দিতে কেন্দ্রে গিয়েছিলেন। তবে ম্যাজিস্ট্রেট বলেন, রাতের বেলায় ভোটকেন্দ্রে তালিকা জমা দেওয়ার কোনো বিধান নেই।
তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিক মুচলেকা নেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর কেন্দ্র ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।
অন্যদিকে, বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন দাবি করেন, তাদের কর্মীরা কেবল পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। তার অভিযোগ, সেখানে বিএনপির কিছু নেতাকর্মী জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন এবং তাদের নেতাকে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button