তারেক রহমানের খুলনা সফরের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী জনসমাবেশ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খুলনা মহানগর ও জেলা বিএনপির পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই সমাবেশে আনুমানিক ৮ লাখ মানুষের উপস্থিতি টার্গেট করা হয়েছে।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে দায়িত্ব বণ্টন সম্পন্ন করা হয়েছে। সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণাসহ মোট ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সমাবেশের জন্য ঢাকা থেকে আনা হবে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। মাঠের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা এবং প্রচারণা কার্যক্রম ঘিরে নগর ও জেলা বিএনপির কার্যালয়ে একের পর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে নগরী ও বিভিন্ন উপজেলায় মাইকিং কার্যক্রম শুরু হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়; এটি নেতাকর্মীদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর নতুন প্রেরণার উৎস হবে।”
তিনি আরও বলেন, “২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া খুলনাবাসীর জন্য আবেগ, গর্ব ও সম্মানের বিষয়। খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দলের রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তার মতে, দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে এই জনসমাবেশ একটি মাইলফলক হয়ে উঠবে।
এদিকে, জনসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন বিএনপির এই শীর্ষ নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button