যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিশিগানের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে খালেদা জিয়ার নামেই পরিচিত হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
জানা গেছে, হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও স্ট্রিট ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে উত্থাপন করা হলে তা অনুমোদন পায়। প্রবাসীদের ধারণা, এই নামকরণ বিশ্ব অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কোনো রাজনৈতিক নেতার নামে সড়কের নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
এই উদ্যোগে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক প্রভাবেরও একটি স্পষ্ট প্রতিফলন।
বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর শহর হিসেবে পরিচিত হ্যামট্রমিকে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



