ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে তা অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর দেশে ফেরার আনুষ্ঠানিক প্রস্তুতি হিসেবে এই আবেদন করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানান, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক ব্রিফিংয়ে একই তথ্য নিশ্চিত করেন।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button