সাংবাদিকরা নিজেরাই দলীয় হলে সমস্যা তৈরি হয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকরা যদি নিজেরাই রাজনীতিকদের প্রভাবমন্ডলে প্রবেশ করেন, তাহলে সেটিই গণমাধ্যমের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠন রয়েছে। কিন্তু সেখানে দলীয় বিভাজন দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না বরং অনেক সময় সাংবাদিকরাই নিজেরা দলীয় হয়ে পড়ছেন, যা গণমাধ্যমের জন্য নেতিবাচক প্রভাব তৈরি করছে।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পক্ষে। “আমরা ঘোষিত ৩১ দফায় পরিষ্কারভাবে বলেছি একটি সত্যিকারের স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যেই কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।”
সেমিনারে গণমাধ্যমের স্বাধীনতা, সাংগঠনিক কাঠামোর স্বচ্ছতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে বিভিন্ন আলোচ্য বিষয় উঠে আসে।



