ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করে তুলতে হবে। এজন্য ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে।”

তিনি আরও বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করে তরুণ প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপি নেতার দাবি, দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ের জন্য নতুন পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “যে জাতি ধর্মীয় ও নৈতিকতার ভিত্তিতে দাঁড়িয়ে থাকে, তার পরাজয় হয় না।”

তিনি অভিযোগ করেন, অতীতে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, যা জাতির নৈতিক ভিত্তিকে দুর্বল করেছে। “নীতি-নৈতিকতা বিবর্জিত জাতি কখনও শক্তিশালী জাতি হতে পারে না,” যোগ করেন সালাহউদ্দিন।

বিএনপির এই নেতা আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর কখনও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button